ক্যাসেমিরো ইস্যুতে তদন্তে ইন্টার মায়ামি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১০:১৩ এএম

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে ভেড়ানোর প্রক্রিয়া নিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে লিগ কর্তৃপক্ষ। খেলোয়াড়ের সঙ্গে নিয়মবহির্ভূতভাবে যোগাযোগের (ট্যাম্পারিং) অভিযোগের পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে, অভিযোগটি করেছে এলএ গ্যালাক্সি। এমএলএসের ‘ডিসকভারি লিস্ট’ নীতিমালা অনুযায়ী, ক্যাসেমিরোকে আগে থেকেই নিজেদের তালিকায় রেখেছিল গ্যালাক্সি। ফলে খেলোয়াড়টির সঙ্গে প্রাথমিক আলোচনা ও চুক্তির বিষয়ে তাদেরই অগ্রাধিকার ছিল।

অভিযোগ অনুযায়ী, গ্যালাক্সির অনুমতি বা প্রয়োজনীয় অধিকার গ্রহণ ছাড়াই ইন্টার মায়ামি ক্যাসেমিরোর সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা করেছে। যদিও পরবর্তীতে দুই ক্লাব পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে, তবুও নিয়ম লঙ্ঘনের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত বহাল রেখেছে এমএলএস।

এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না। তদন্ত সম্পন্ন হওয়ার পরই দুই ক্লাবের সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হবে।

এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়কে ‘ডিসকভারি লিস্টে’ রাখতে পারে। অন্য কোনো ক্লাব সেই তালিকাভুক্ত খেলোয়াড়কে দলে নিতে চাইলে নির্ধারিত অর্থের বিনিময়ে সংশ্লিষ্ট ক্লাবের কাছ থেকে অধিকার নিতে হয়। সব প্রক্রিয়া শেষ করে ইন্টার মায়ামি ইতোমধ্যে ক্যাসেমিরোকে ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ করেছে।

এ বিষয়ে ক্যাসেমিরো বলেন, শুরু থেকেই তিনি ইন্টার মায়ামিতে খেলতে চেয়েছিলেন। পরিবারের জন্য মায়ামিকে উপযুক্ত শহর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ক্লাবটির পরিকল্পনা এবং লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগই তাকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft