আর্জেন্টিনাকে নিয়ে বিতর্কিত পোস্টে রোনালদোর ‘লাইক’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৩১ পিএম

ফিফার সহায়তায় আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে উঠেছে-এমন দাবি করা একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে লাইক দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়িয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিতর্কের সূত্রপাত স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘এসপেহো পাবলিকো’-এর একটি ভিডিও ক্লিপ থেকে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগে প্রচারিত ওই ভিডিওতে এক সাংবাদিক দাবি করেন, ফিফার সহায়তা ছাড়া আর্জেন্টিনার ফাইনালে ওঠা সম্ভব হতো না।

ভিডিওতে ওই সাংবাদিক বলেন, ‘আর্জেন্টিনা এমন একটি দল, যাদের অন্তত পাঁচটি ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া উচিত ছিল। কিন্তু ফিফার সহায়তায় তারা এগিয়ে গেছে। বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত সংস্থা হলো ফিফা।’

এ পোস্টেই রোনালদোর ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশট দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে রোনালদো বা তার গণমাধ্যম-সংশ্লিষ্ট টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ঘটনাটি সামনে আসার পর ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে মেসি-রোনালদো প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এদিকে, ফিফার সিদ্ধান্ত নিয়ে সমালোচনামূলক ওই পোস্টে রোনালদোর লাইক দেওয়ার বিষয়টি নিয়ে কিছু বিশ্লেষকও প্রশ্ন তুলেছেন। তাদের মতে, সম্প্রতি ফিফার একটি সিদ্ধান্তে রোনালদো নিজেও সুবিধা পেয়েছিলেন।

বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর স্বাভাবিক নিয়মে তার তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা ছিল। তবে ফিফা সেই শাস্তি কমিয়ে এক ম্যাচের তাৎক্ষণিক নিষেধাজ্ঞা কার্যকর করে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখে। সে সময়ও ফিফার ওই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft