মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করলেন ওয়ার্নার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:৫০ পিএম

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করায় অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ও সিডনি থান্ডারের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বুধবার (২২ জুলাই) ওয়েভারলি স্থানীয় আদালতে ওয়ার্নারের ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার প্রয়োজন হয়নি। তার আইনজীবী ববি হিল আদালতকে জানান, ইস্টার সানডের দিন মাঝারি মাত্রার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করেছেন ওয়ার্নার।

আইনজীবী বলেন, উভয় পক্ষ বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত ৫ এপ্রিল সিডনিতে সড়কের পাশে পরিচালিত এক পরীক্ষায় ওয়ার্নারের অ্যালকোহল টেস্ট পজিটিভ আসে। পরে মারুব্রা পুলিশ স্টেশনে নেওয়া দ্বিতীয় পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা আইনসিদ্ধ সীমার দ্বিগুণেরও বেশি।

মে মাসে প্রথমবার মামলাটি আদালতে উঠলে ওয়ার্নারের আইনজীবী দোষ স্বীকারের ইঙ্গিত দিয়েছিলেন। আদালতে তিনি জানান, ওয়ার্নার নিজের ভুল স্বীকার করেছেন এবং উবার ব্যবহার না করে নিজেই গাড়ি চালানোর সিদ্ধান্তকে বেপরোয়া ও ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে এক বন্ধুর অ্যাপার্টমেন্টে তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন ওয়ার্নার। তিনি বলেন, ইস্টার সানডেতে ওয়াইন পান করা অপরাধ নয়, তবে বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও নিজে গাড়ি চালানোর সিদ্ধান্তই ছিল তার ভুল। পুলিশ তাকে থামানোর মাত্র ১১ মিনিট আগে শেষবারের মতো মদ পান করেছিলেন বলেও আদালতে উল্লেখ করা হয়।

আইনজীবী জানান, ঘটনার জন্য ওয়ার্নার অনুতপ্ত এবং আদালতের কাছে অনুকম্পা প্রার্থনা করবেন। একই সঙ্গে তিনি চান, অন্য সাধারণ নাগরিকদের মতোই তার মামলার বিচার হোক। এ মামলার রায় ও সাজা ঘোষণা করা হবে আগামী ১৮ আগস্ট।

ওয়ার্নারের গ্রেপ্তারের পর ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের প্রধান নির্বাহী লি জার্মন বলেন, অভিযোগগুলো উদ্বেগজনক এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি নিরাপদ সড়ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

দোষ স্বীকারের পর সিডনি থান্ডারের অধিনায়ক হিসেবে ওয়ার্নারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মন্তব্যের জন্য ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, সিডনি থান্ডার, সিডনি সিক্সার্স এবং নিউ সাউথ ওয়েলস ব্লুজ রাজ্য সরকারের মদ্যপ অবস্থায় গাড়ি চালানোবিরোধী প্রচারণার অংশ। এ প্রেক্ষাপটে অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে।

এর আগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে নেতৃত্বে নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন ওয়ার্নার। ২০২৪ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর তাকে সিডনি থান্ডারের অধিনায়ক করা হয়।

সাম্প্রতিক এই ঘটনার সময় ওয়ার্নার পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইস্টারের ছুটিতে দেশে ফেরার পরই তিনি এ ঘটনায় পুলিশের নজরে আসেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft