প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:১৪ এএম আপডেট: ২০.০৭.২০২৬ ১২:৪৭ পিএম

১৬ বছর পর দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পেল স্পেন। এই জয়ের নায়ক ফেররান তরেস। ম্যাচের ১০৬ মিনিটে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে তিনি দলের জয় নিশ্চিত করেন। জয়সূচক গোল করার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ফরোয়ার্ড তারকা।
স্পেনের এই তারক এ জয়কে ৪ কোটি ৭০ লাখ মানুষের বলে অভিহিত করেছেন। তিনি বলেন, শুধু আমার বা ওই ২৬ জন খেলোয়াড়ের নয়। ভাগ্যেই হয়তো লেখা ছিল যে দেশের মানুষের থেকে অনেক দূরে গিয়েই আমাদের জিততে হবে; তবুও আমরা তাদের যতটা সম্ভব নিজেদের কাছাকাছি অনুভব করিয়েছি। আমি শুধু সেই কাপটা উঁচিয়ে ধরতে চাই এবং তা শক্ত করে আঁকড়ে ধরতে চাই। আজকের এই দিনটির জন্য আমরা হাড়ভাঙা খাটুনি খেটেছি।
ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেও ‘ম্যান অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছিলেন তরেস। তিনি বলেন, এ এক বিশাল স্বস্তি। বিশ্বকাপ চলাকালীন আমাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল, কিন্তু ভাগ্য তো আগে থেকেই লেখা থাকে। ঈশ্বরকে ধন্যবাদ, যিনি আমাকে সবসময় এগিয়ে যাওয়ার শক্তি জোগান।
২০১০ সালের প্রথম শিরোপার পর স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয় যে বেশ কঠিন ছিল, তা তিনি স্বীকার করে নেন। ফাইনালে গোল করে তারকা বনে যাওয়া এই ফুটবলার বলেন, দিনশেষে, যেকোনো ফাইনালই কঠিন। যখন প্রতিপক্ষ হিসেবে (লিওনেল) মেসি থাকেন, তখন কিছুটা স্নায়ুচাপ কাজ করে ঠিকই; কিন্তু নিজেদের ফুটবল ও নিজেদের ওপর আমাদের সবসময়ই বিশ্বাস ছিল।
জ/উ