প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:০০ পিএম

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, ছোটবেলার একটি অভ্যাস আজও তার সঙ্গ ছাড়েনি। অনেক চেষ্টা করেও পান খাওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারেননি বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গের পাশাপাশি এ অভ্যাসের কথাও তুলে ধরেন জয়া। তিনি জানান, ছোটবেলায় ঠাকুরমার কাছ থেকেই পান খাওয়ার অভ্যাসের শুরু।
জয়ার ভাষ্য, ঠাকুরমা যখন পান সাজতেন, তখন অল্প করে তাকেও খেতে দিতেন। সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা অভ্যাসই সময়ের সঙ্গে স্থায়ী হয়ে গেছে।
তিনি বলেন, পান খাওয়া ছেড়ে দেওয়ার চেষ্টা করলেও সফল হননি। ঠাকুরমার কথা মনে পড়লেই অজান্তেই পান খেয়ে ফেলেন। তবে তাকে দেখে অনেকেই বুঝতে পারেন না যে তিনি নিয়মিত পান খান।
অভিনেত্রী আরও জানান, কখনো কখনো বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও নিজের সঙ্গে পানের কৌটো নিয়ে গেছেন। জয়ার পরিবারের সদস্যরাও তাকে বারবার এ অভ্যাস ছাড়তে পরামর্শ দেন। তিনিও পান কম খাওয়ার ইচ্ছার কথা জানালেও দীর্ঘদিনের অভ্যাস থেকে এখনো বেরিয়ে আসতে পারেননি বলে স্বীকার করেন।
এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। কৌশিক গাঙ্গুলী পরিচালিত অর্ধাঙ্গিনীর সিক্যুয়েল হিসেবে নির্মিত ছবিটি গত ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। নতুন সিনেমার পাশাপাশি তার এই ব্যক্তিগত স্বীকারোক্তিও ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
জ/উ