প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:৩৩ পিএম

বিশ্বের অন্যতম জনপ্রিয় ও শীর্ষ উপার্জনকারী ইউটিউবার মিস্টার বিস্ট (আসল নাম জিমি ডোনাল্ডসন) দীর্ঘদিনের প্রেমিকা ও দক্ষিণ আফ্রিকান কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের ব্যক্তিগত নেকার দ্বীপে পরিবার ও ঘনিষ্ঠ প্রায় ৭০ জন অতিথির উপস্থিতিতে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
গত ১৪ জুলাই থেকে শুরু হয়ে সপ্তাহজুড়ে চলে বিয়ের আয়োজন। ৭৪ একরের এই দ্বীপে মূল আনুষ্ঠানিকতার পাশাপাশি অতিথিদের জন্য কাইটসার্ফিং, স্নরকেলিং এবং বন্যপ্রাণী উপভোগের বিশেষ ব্যবস্থা রাখা হয়। পারিবারিক এক বন্ধুর উপস্থিতিতে একে অপরের পাশে সারাজীবন থাকার অঙ্গীকার করেন এই দম্পতি। বিয়েতে মিস্টার বিস্ট পরেছিলেন রালফ লরেনের স্যুট এবং থিয়া বয়সেনের পরনে ছিল নিকোল প্লাস ফেলিসিয়া কুচারের ডিজাইন করা ওয়েডিং ড্রেস।
অঙ্গীকার পর্ব শেষে নবদম্পতি লেডি গাগা ও ব্রুনো মার্সের জনপ্রিয় গান ‘ডাই উইথ আ স্মাইল’-এর তালে প্রথম নাচ পরিবেশন করেন। অতিথিদের জন্য সুশি, ওয়াগিউ বিফসহ বিভিন্ন খাবারের পাশাপাশি পরিবেশন করা হয় কনের পছন্দের ক্যারেট কেক। গভীর রাত পর্যন্ত লাইভ ব্যান্ড, তাস ও বিভিন্ন বোর্ড গেমের মধ্য দিয়ে উদযাপন চলে।
জানা যায়, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরের সময় এক যৌথ বন্ধুর মাধ্যমে থিয়া বয়সেনের সঙ্গে মিস্টার বিস্টের পরিচয় হয়। সেই পরিচয় থেকে গড়ে ওঠে সম্পর্ক। পরে ২০২৪ সালের বড়দিনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে থিয়াকে বিয়ের প্রস্তাব দেন তিনি।
বিশ্বের অন্যতম পরিচিত কনটেন্ট নির্মাতা হওয়া সত্ত্বেও নিজের বিয়ের অনুষ্ঠানকে গণমাধ্যমের প্রচার থেকে দূরে রেখে শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে বিশেষ দিনটি উদযাপন করতে চেয়েছেন মিস্টার বিস্ট।
বিয়ের অভিজ্ঞতা নিয়ে থিয়া বয়সেন বলেন, এটি ছিল ‘স্বর্গের মতো’ একটি অভিজ্ঞতা। ব্যস্ততার কারণে সবাইকে একসঙ্গে পাওয়া কঠিন হলেও এই আয়োজন তাদের জন্য বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে প্রতি বছর অন্তত এক সপ্তাহ পরিবার ও বন্ধুদের নিয়ে এমন মিলনমেলার আয়োজন করার পরিকল্পনার কথাও জানান তিনি। বর্তমানে নবদম্পতি নতুন উদ্যমে নিজেদের কাজ এবং দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করার কথা জানিয়েছেন। সূত্র: পিপল ডট কম
জ/উ