প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে হোম-টু-হোম স্বাস্থ্য পরীক্ষা করবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৫৯ এএম

দেশব্যাপী জনগণের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে এবং বিভিন্ন রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্তের লক্ষ্যে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ কর্মসূচির আওতায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যাদের ৮০ শতাংশই নারী।

গতকাল বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান লেক পার্কে ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে এবং কাউকে এ সেবা থেকে বঞ্চিত করা হবে না। নতুন কর্মসূচির আওতায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ, ওজন, ডায়াবেটিস ও লিপিড প্রোফাইলসহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করবেন। পাশাপাশি নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সার প্রাথমিকভাবে শনাক্তের উপায় সম্পর্কে সচেতন করবেন, যাতে রোগ দ্রুত শনাক্ত করে সময়মতো চিকিৎসা নিশ্চিত করা যায়।

তিনি বলেন, সুস্থ জাতি গঠনে স্বাস্থ্যসচেতনতা ও পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে মাতৃদুগ্ধপানের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সিজারিয়ান প্রসবের হার বাড়ছে এবং অনেক ক্ষেত্রে জন্মের পর শিশুদের প্রয়োজনীয় শালদুধ (কলোস্ট্রাম) থেকে বঞ্চিত করা হচ্ছে। এতে শিশুর পুষ্টি ও রোগপ্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বিষয়ে পরিবার ও সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর বিজয়ী সামানজার সাঈদ, ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ এবং গুলশান সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft