প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৪৭ পিএম

চরকির অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসা পাচ্ছে। বাবা-মেয়ের আবেগঘন সম্পর্ক ও মানবিক গল্পভিত্তিক এই চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।
সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর অডিটোরিয়ামে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। প্রদর্শনী শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন চলচ্চিত্রটির প্রধান অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
মিম জানান, ‘লাইফলাইন’ কেবল একটি সিনেমা নয়, এটি এমন একটি গল্প, যা তাকে ব্যক্তিগতভাবেও গভীরভাবে স্পর্শ করেছে। পর্দায় বাবা-মেয়ের সম্পর্কের বিভিন্ন আবেগঘন মুহূর্ত তাকে নিজের জীবনের নানা স্মৃতির কথা মনে করিয়ে দেয়। এ কারণেই সিনেমাটি দেখে আবেগ ধরে রাখা তার জন্য কঠিন হয়ে পড়ে।
সিনেমাটিতে মিমের বাবার চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ। তার সংযত ও হৃদয়স্পর্শী অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি রেজওয়ান পারভেজ ও আ খ ম হাসানের অভিনয়ও দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে আ খ ম হাসানের চরিত্রটি সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে আলোচনায় এসেছে।
এটি চরকির প্রযোজনায় বিদ্যা সিনহা মিমের প্রথম কাজ। কুয়াকাটার বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা কাজী আসাদের পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রের গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। চিত্রনাট্য করেছেন আসাদুজ্জামান আবীর ও কাজী আসাদ।
মানবিক সম্পর্ক, পারিবারিক আবেগ এবং জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত *‘লাইফলাইন’* ইতোমধ্যে দর্শকদের কাছে প্রশংসিত একটি কাজ হিসেবে জায়গা করে নিয়েছে।
জ/উ