প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:০৬ পিএম

ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা ও অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিল্পী-কলাকুশলীদের সচেতন থাকার আহ্বান জানান।
রোববার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পারসা ইভানা দাবি করেন, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের সঙ্গে কাজ করতে গিয়ে যোগাযোগ, পেশাদারিত্ব এবং পারিশ্রমিক প্রদানের ক্ষেত্রে নানা জটিলতার মুখোমুখি হয়েছেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, গত সাত মাস ধরে তিনি নিজের প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। যদিও আংশিক অর্থ পরিশোধ করা হয়েছে, এখনও পুরো পাওনা বুঝে পাননি বলে জানান তিনি। একই সঙ্গে শুটিং ইউনিটের আরও কয়েকজন সদস্যের পারিশ্রমিক বকেয়া রয়েছে বলেও উল্লেখ করেন পারসা।
তিনি বলেন, নতুন শিল্পী, প্রোডাকশন বয় কিংবা দিনমজুরিভিত্তিক কাজ করা সদস্যদের পাওনা আটকে রাখা দুঃখজনক। এসব বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান অভিনেত্রী।
এ ছাড়া ভবিষ্যতে কাজের আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজখবর নেওয়া, চুক্তির শর্ত লিখিতভাবে নিশ্চিত করা এবং আর্থিক বিষয়গুলো পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি।
পোস্টের শেষাংশে পারসা ইভানা একটি পেশাদার, স্বচ্ছ ও দায়িত্বশীল বিনোদন অঙ্গনের প্রত্যাশা ব্যক্ত করেন। অন্যদিকে, এ বিষয়ে পরিচালক ফারহাদ আহমেদ ইশানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জ/উ