প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:২৬ পিএম

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।
বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মেট্রোরেল প্রকল্প, সড়ক ও সেতু অবকাঠামো উন্নয়ন, এক্সপ্রেসওয়ে নির্মাণ, কারিগরি সহযোগিতা এবং ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পে জাইকার সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়নে জাইকা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। বিশেষ করে মেট্রোরেল, সড়ক ও সেতু উন্নয়ন প্রকল্পে জাপানের সহায়তা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার নিরাপদ, আধুনিক ও সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
জাইকা প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, চলমান প্রকল্পগুলোর সফল বাস্তবায়নের পাশাপাশি নতুন সম্ভাবনাময় খাতেও জাইকা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।
বৈঠকে মেট্রোরেল প্রকল্পের অগ্রগতি, মাতারবাড়ী অঞ্চলের সমন্বিত উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হয়।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/উ