প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:৪৯ পিএম

পাকিস্তানের সঙ্গে গত বছরের সংঘাতে নিহত সেনাসদস্যদের তথ্য গোপনের অভিযোগ উঠেছে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রকাশ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাত চলাকালে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ হতাহতের তথ্য নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, ওই সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সদস্য এবং বিমানবাহিনীর একজন সদস্য নিহত হন।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা অভিযোগ করেন, নিহত সেনাসদস্যদের বিষয়ে পর্যাপ্ত তথ্য ও রাষ্ট্রীয় স্বীকৃতি যথাসময়ে প্রকাশ করা হয়নি।
অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনূমা আচার্য বলেন, দায়িত্ব পালনকালে নিহত সেনাসদস্যদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী দাবি করেন, সংসদে দেওয়া বক্তব্য নিয়ে সরকারের ব্যাখ্যা প্রয়োজন।
কংগ্রেস জানিয়েছে, বিষয়টি সংসদে উত্থাপনের বিষয়ে দলীয়ভাবে আলোচনা করা হবে।
উল্লেখ্য, গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
জ/উ