প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:৪২ এএম

আগামী জুলাই মাস থেকে মাদরাসা শিক্ষকদের বেতন নিয়মিত পরিশোধ করা হবে। একইসঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে মাদরাসায় প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় শিক্ষক সংকট দূর করতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন বাবদ প্রায় ৫০১ কোটি টাকার প্রয়োজন হলেও বাজেটে এ খাতে বরাদ্দ না থাকায় গত দুই মাস বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়। তবে জুলাই মাস থেকে নিয়মিত বেতনের পাশাপাশি বকেয়া পরিশোধ করা হবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের দল-মতের ঊর্ধ্বে থেকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন জীবন গড়ে তোলার আহ্বান জানান।
জ/উ