প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের অর্থনীতিকে আরও জনমুখী ও ন্যায়ভিত্তিক কাঠামোয় গড়ে তোলাই এবারের বাজেটের মূল লক্ষ্য। পাশাপাশি যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী এবারের প্রস্তাবিত বাজেটকে “জীবনবান্ধব বাজেট” হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের কার্যকর পদক্ষেপের কারণে বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক ও অভ্যন্তরীণ বিভিন্ন চ্যালেঞ্জের কারণে অর্থনীতিতে চাপ রয়েছে। তবে সুদূরপ্রসারী পরিকল্পনা ও কার্যকর নীতির মাধ্যমে সরকার এ পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
তারেক রহমান বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশাকে সামনে রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। জনগণের আস্থা ধরে রেখে দায়িত্বশীলতার সঙ্গে সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বদ্ধপরিকর।
বিনিয়োগ ও কর্মসংস্থানের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিকে পুনরায় গতিশীল করা, বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি এবারের বাজেটের অন্যতম অগ্রাধিকার।
তিনি আরও বলেন, বাস্তবমুখী বাজেট বাস্তবায়নের মাধ্যমে সরকার একটি টেকসই ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে চায়।
তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের উন্নয়ন, কৃষি ও পানি ব্যবস্থাপনায় এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সরকার এ মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বক্তব্যে তিনি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।
জ/উ