প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:০১ পিএম

দেশের অধিকাংশ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এ বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।
রোববার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩২৮-এর উপধারা (৪)-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি করদাতাকে এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল ([www.etaxnbr.gov.bd](http://www.etaxnbr.gov.bd)) ব্যবহার করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
বিশেষ আদেশে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি (প্রয়োজনীয় সনদপত্র সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন। তবে তারা ইচ্ছা করলে অনলাইনেও রিটার্ন দাখিল করতে পারবেন।
এছাড়া কারিগরি জটিলতা বা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। অতিরিক্ত কর কমিশনার বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তাকে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
এনবিআর জানিয়েছে, করব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে করদাতারা ঘরে বসেই দ্রুত ও নিরাপদভাবে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন এবং কর প্রশাসনের কার্যক্রমও আরও গতিশীল হবে।
এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জ/উ