বাংলাদেশের দক্ষ জনশক্তি গঠনে সহযোগিতায় আগ্রহী সুইজারল্যান্ড
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৬:৫৬ পিএম

বাংলাদেশের জনশক্তিকে দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তুলতে সুইজারল্যান্ড আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রেতো রেংগলি। রোববার (২৮ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।

সুইস রাষ্ট্রদূত বলেন, দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং কর্মীদের পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ ও সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে। তিনি বিদেশফেরত কর্মীদের অর্থনৈতিক ও সামাজিক পুনর্বাসনের গুরুত্বও তুলে ধরেন।

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনার প্রশংসা করে রেতো রেংগলি বলেন, বৈদেশিক কর্মসংস্থানের পাশাপাশি দেশের অভ্যন্তরেও পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সুইজারল্যান্ড সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন এবং আধুনিক কর্মসংস্থান ব্যবস্থাপনায় সুইজারল্যান্ডের সহায়তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বর্তমান সরকার দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং শ্রমিক কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ সম্প্রসারণেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী ‘ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)’ উন্নয়নে সুইজারল্যান্ডের সহযোগিতার প্রশংসা করে বলেন, এ প্ল্যাটফর্ম বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও স্বচ্ছ করেছে। পাশাপাশি প্ল্যাটফর্মটির আরও উন্নয়নে কারিগরি সহায়তা কামনা করেন তিনি।

সাক্ষাৎকালে স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হসপিটালিটি ও নির্মাণ খাতে বাংলাদেশি দক্ষ কর্মীদের সম্ভাবনার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft