প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১২:২৩ পিএম

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত রাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ করেছে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর শ্রমিক দল। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১ টায় বেনাপোল স্থলবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে মিছিলটি বেনাপোল বাজার ঘুরে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশ করেন শ্রমিক দলের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে শার্শা উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে ২ হাজার মানুষকে হত্যা করেছে তেমনি ভাবে আওয়ামী লীগ যদি আবার মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বাসে অগ্নিসংযোগ করে, নৈরাজ্য করে তাহলে বাংলার মাটি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নাম চিরতরে মুছে ফেলা হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটা জঙ্গি সংগঠন, তাদের রাজনীতি করার কোন অধিকার নাই। ইতোমধ্যে সন্ত্রাসী বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে। নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম করার জন্য গোপন প্রস্তুতি নিচ্ছে, এই বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোন নৈরাজ্য করলে তাহলে আমরা তা প্রতিহত করবো। আওয়ামী লীগের নিরীহ কর্মী যারা আরামে আছেন তারা কোন উসকানিতে পা দিয়েন না, বিদেশে পলাতক নেতাদের কথায় উসকানিতে পা দিলে শান্তিতে থাকতে পারবেন না। নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে শ্রমিক দলের নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে।
এসময় বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক তবিবুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কাশেম, শ্রমিক নেতা মুজিদ, আব্বাস, রফিকুল ইসলাম, মিল্টন,কামরুল ইসলামসহ বন্দরের শ্রমিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জ/দি