প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:২৫ এএম

অবশেষে ছন্দে ফিরেছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাতেউস কুনার জোড়া গোলে হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। দলের হয়ে অন্য গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।
শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হাইতির বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর সমালোচনার মুখে পড়া ব্রাজিল এদিন দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। হাইতির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে গ্রুপ ‘সি’-এর শীর্ষে উঠে গেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ম্যাচের ২৩তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন মাতেউস কুনা। হাইতির ডিফেন্ডার হ্যানেস ডেলক্রোইক্স বল ক্লিয়ার করতে গিয়ে কুনার গায়ে বল লাগিয়ে ফেললে তা জালে জড়িয়ে যায়। কিছুটা ভাগ্যের সহায়তায় পাওয়া গোলেই লিড নেয় ব্রাজিল।
তবে দ্বিতীয় গোলটি ছিল কুনার ব্যক্তিগত দক্ষতার উজ্জ্বল উদাহরণ। ৩৬তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে দুর্দান্ত শটে বল জালে পাঠান তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ৩-০ করেন ভিনিসিউস জুনিয়র। লুকাস পাকেতার চমৎকার পাস থেকে বল পেয়ে শান্ত মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান তারকা। এটি ছিল টুর্নামেন্টে তার দ্বিতীয় গোল।
তবে জয়ের আনন্দের মাঝেও দুশ্চিন্তা বাড়িয়েছে রাফিনিয়ার চোট। বার্সেলোনার এই উইঙ্গার প্রথমার্ধেই ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন। তার বদলি হিসেবে মাঠে নামেন তরুণ ফুটবলার রায়ান।
দ্বিতীয়ার্ধে একবার গোলের সুযোগ তৈরি করেছিল হাইতি। তবে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন দুর্দান্ত সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। কর্নার থেকে রিকার্দো আদের হেড লক্ষ্যভ্রষ্ট হলে আর গোল পাওয়া হয়নি হাইতির।
ম্যাচের শেষদিকে বিশ্বকাপে অভিষেক হওয়া কিশোর ফরোয়ার্ড এন্ড্রিক বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
এদিকে এই ম্যাচে একটি বিশেষ রেকর্ডও গড়েছে ব্রাজিল। ১৯৬২ সালের বিশ্বকাপের পর সবচেয়ে বেশি গড় বয়সের দল নিয়ে মাঠে নামে তারা। এদিন ব্রাজিল দলের গড় বয়স ছিল ৩০ বছর ১৯০ দিন। এছাড়া বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয়বারের মতো একই ম্যাচে ২০ বছরের কম বয়সী দুই ফুটবলার—রায়ান ও এন্ড্রিককে খেলিয়েছে ব্রাজিল। এর আগে ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে একই ম্যাচে মাঠে নেমেছিলেন পেলে ও মাজোলা।
জ/দি