ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিল ফুটবল দলের সমর্থক। ফুটবলের প্রতি ভালোবাসা ও বিশ্বকাপ ঘিরে তার পারিবারিক উচ্ছ্বাসের কথাও তিনি তুলে ধরেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, তিনি ব্রাজিল দলের পাশাপাশি ব্যক্তিগতভাবে দুই ফুটবল তারকাকে পছন্দ করেন। তার ভাষায়, তিনি নেইমারের খেলা ও মাঠের উপস্থিতি উপভোগ করেন, আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে ভালো লাগে।
নিজের ফুটবল পছন্দ নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, “আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।”
তবে পরিবারে ভিন্ন মতও রয়েছে বলে জানান এই অভিনেত্রী। তার ছেলে আব্রাম খান জয় আর্জেন্টিনার সমর্থক এবং মেসির ভক্ত।
অপু বিশ্বাস বলেন, বিশ্বকাপ ফুটবল তার কাছে কেবল একটি খেলা নয়, বরং উৎসবের মতো একটি অনুভূতি তৈরি করে। বিশ্বকাপ চলাকালে পরিবার নিয়ে রাত জেগে খেলা দেখার অভিজ্ঞতার কথাও তিনি শেয়ার করেন।
তিনি বলেন, “বিশ্বকাপ মানেই এক ধরনের উৎসবের আমেজ। অনেক সময় রাত গভীর হয়ে গেলেও খেলা দেখার জন্য সবাই একসঙ্গে বসে থাকি।”
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।
জ/উ