প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:২৫ এএম

২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। প্রিয় দলের এমন সাফল্যে গ্যালারিতে বসেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফ এস নাঈম।
ম্যাচটি উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন তারা। খেলা চলাকালীন সময়ের বেশ কয়েকটি ছবি ও ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন নাদিয়া আহমেদ। সেখানে বিশ্বকাপের আবহে তাদের আনন্দঘন মুহূর্ত ফুটে উঠেছে।
ছবি ও ভিডিওর ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে নাদিয়া লিখেছেন, ‘ইয়েসসসসস, আমরা এখানে আছি আর্জেন্টিনা। আর্জেন্টিনা ২-০ আলজেরিয়া। লিওনেল মেসি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, আর্জেন্টিনার সমর্থক হিসেবে নাদিয়া দলের জার্সি পরেছেন। অন্যদিকে এফ এস নাঈম আর্জেন্টিনার জার্সি না পরলেও আকাশি রঙের টি-শার্ট পরে স্ত্রীর প্রিয় দলের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন।
ম্যাচজুড়ে আর্জেন্টিনার খেলা উপভোগের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর ভক্তদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন এই তারকা দম্পতি। বিশ্বকাপের উন্মাদনার মধ্যেও তাদের প্রাণবন্ত উপস্থিতি এবং প্রিয় দলের প্রতি ভালোবাসা অনেকের নজর কেড়েছে।
বিশ্বকাপকে ঘিরে দেশ-বিদেশের অসংখ্য ফুটবলপ্রেমীর মতো তারকারাও নিজ নিজ প্রিয় দলের সমর্থনে সরব হয়েছেন। সেই ধারাবাহিকতায় আর্জেন্টিনার জয়ে নাদিয়া-নাঈমের উচ্ছ্বাসও আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জ/উ