প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:০৭ এএম

বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং জার্মান ফেডারেল ফরেন অফিসের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালক ফ্রাংক হার্টম্যান।
বুধবার (১০ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি ও শিল্পখাতের সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীল বিনিয়োগ বাড়ানো বর্তমানে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এ লক্ষ্যে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি জানান, জ্বালানি সরবরাহ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
ফ্রাংক হার্টম্যান বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করে বলেন, জ্বালানি বৈচিত্র্যকরণ, সবুজ প্রযুক্তি এবং আধুনিক অবকাঠামো উন্নয়ন দীর্ঘমেয়াদে দেশের টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক, এলডিসি-উত্তর সময়ে বাজার সুবিধা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশ-জার্মানি অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতসহ দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জ/দি