প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:০০ পিএম

সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে দায়ের করা আপিলের শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান। সংক্ষিপ্ত শুনানি শেষে আপিল বিভাগ রায়ের কার্যকারিতা স্থগিত করে এবং পূর্ণাঙ্গ আপিল শুনানির তারিখ নির্ধারণ করেন।
পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানান, বিচার বিভাগীয় প্রশাসনে সম্ভাব্য জটিলতা এড়াতে রায়টি স্থগিত করা হয়েছে। রায় কার্যকর হলে প্রশাসনিক কার্যক্রমে কিছু জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে গত ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। পরে ২১ মে ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করে।
হাইকোর্টের রায়ে অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলাবিষয়ক দায়িত্ব সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়, যা নিয়ে বর্তমানে আপিল বিভাগের শুনানি প্রক্রিয়া চলমান রয়েছে।
জ/দি