প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম আপডেট: ০৯.০৬.২০২৬ ৫:৫৫ পিএম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করা হয়।
প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে তাদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠক দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
জ/দি