প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:০৩ এএম

নিরাপদ অভিবাসন, দক্ষ জনশক্তি উন্নয়ন, কর্মসংস্থান, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থান এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
বৈঠকে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। একই সঙ্গে নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা এবং প্রবাসী কর্মীদের সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে।
ইইউ প্রতিনিধি দল বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করে এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে।
বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত হয়।
একই দিন অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন মাহদী আমিন। বৈঠকে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
মাহদী আমিন বলেন, আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে শিক্ষা ও গবেষণা খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিনিধি দলও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আন্তর্জাতিক অংশীদারত্ব ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
জ/দি