জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আশ্বাস আমিরাতের
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৮:৪৩ পিএম

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন ও সম্প্রসারণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে বাংলাদেশের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের অন্যতম প্রধান ও নির্ভরযোগ্য উৎস হিসেবে ভূমিকা রেখে আসছে।

তিনি বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও আকস্মিক সংকট মোকাবিলায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি এলএনজি বাণিজ্যের সম্প্রসারণ, স্পট মার্কেটের অস্থিরতা মোকাবিলা, বিদ্যুৎ ও জ্বালানি গ্রিড আধুনিকীকরণ, কার্বন নিঃসরণ হ্রাস, স্বয়ংক্রিয় সাব-স্টেশন স্থাপন এবং বন্দরের নিকটবর্তী এলাকায় জ্বালানি বাঙ্কারিং সুবিধা উন্নয়নের বিষয়েও আলোচনা করেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্রিন হাইড্রোজেন উৎপাদনে সংযুক্ত আরব আমিরাতের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তিনি দেশের সার কারখানা ও ভারী ইস্পাত শিল্পকে ধীরে ধীরে প্রাকৃতিক গ্যাসনির্ভরতা থেকে গ্রিন হাইড্রোজেন ও গ্রিন অ্যামোনিয়াভিত্তিক প্রযুক্তিতে রূপান্তরের লক্ষ্যে বিনিয়োগ ও কারিগরি সহায়তার আহ্বান জানান।

জবাবে রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন কার্যক্রমে তার দেশের আগ্রহের কথা তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

বৈঠকে জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তা আলতাপ হোসেন উপস্থিত ছিলেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft