হজ শেষে দেশে ফিরেছেন ২৫ হাজারের বেশি হাজি
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:২০ পিএম

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ২৫ হাজার ৩৭৭ জন হাজি দেশে ফিরেছেন, যা মোট হজযাত্রীর প্রায় ৩২ শতাংশ। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (সৌদি সময়) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২ হাজার ৮৭৭ জন হাজি দেশে প্রত্যাবর্তন করেছেন।

ফিরতি ফ্লাইট পরিচালনায় সবচেয়ে এগিয়ে রয়েছে সৌদি এয়ারলাইন্স। সংস্থাটি এ পর্যন্ত ৯ হাজার ৭৩০ জন হাজিকে দেশে ফিরিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফিরিয়েছে ৭ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৭০০ জন হাজিকে পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ৫১ জন হাজি দেশে ফিরেছেন।

এ পর্যন্ত মোট ৬২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৯টি, সৌদি এয়ারলাইন্স ২৪টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, আল্লাহর অশেষ রহমতে এবারের হজ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ২৫ হাজারের বেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন এবং বাকিদের প্রত্যাবর্তন প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি সৌদি আরবে অবস্থানরত হাজিদের চিকিৎসা ও অন্যান্য সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টার কথাও উল্লেখ করেন।

হজ মৌসুমে বাংলাদেশি হাজিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ হজ মেডিকেল টিম সক্রিয় ভূমিকা পালন করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো থেকে মোট ৫৫ হাজার ২৮৬টি প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে। পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিতে আইটি হেল্পডেস্ক থেকে ২৫ হাজার ১০০টি সেবা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসংক্রান্ত তথ্যে জানা গেছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত ২৫১ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ১৭ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এ পর্যন্ত ৪৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে ৩৪ জন মক্কা এবং ১১ জন মদিনায় ইন্তেকাল করেছেন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশে ফেরা হাজিদের যাত্রা নির্বিঘ্ন করা এবং সৌদি আরবে অবস্থানরত অবশিষ্ট হাজিদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft