জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়বে সরকার : মাহমুদ তিতুমীর
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:৪৪ পিএম

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশের স্বাস্থ্যখাতকে পুনর্গঠন করে একটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, আগামী বাজেটে স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনতে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ জুন) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজিত ‘বাংলাদেশ স্বাস্থ্য বাজেট সংলাপ: অগ্রাধিকার, ঘাটতি ও করণীয়’ শীর্ষক প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিতুমীর বলেন, স্বাস্থ্যখাতে ধারাবাহিকভাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে চিকিৎসক নিয়োগ ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে জোর দেওয়া হবে।

তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি, শিশু ও নারী স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি এবং বিশেষায়িত চিকিৎসা সুবিধা সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে জেলা হাসপাতালগুলোও আধুনিকায়ন করা হবে।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, রোগের ধরনে পরিবর্তনের কারণে এখন অসংক্রামক ও জীবনযাপনজনিত রোগের চিকিৎসার চাহিদা বেড়েছে। এ কারণে প্রতিটি জেলায় করোনারি কেয়ার ইউনিট, কিডনি ডায়ালাইসিস ইউনিটসহ আধুনিক চিকিৎসা সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি সর্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে ব্যাপকহারে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।

তিতুমীর আরও বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতে নানা সংকট রয়ে গেছে। রোগীদের নিজস্ব ব্যয় বেড়েছে, শয্যা সংকট ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে অনেককে বিদেশে চিকিৎসা নিতে হচ্ছে। এসব সমস্যা দূর করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আগামী বাজেটে গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে ইউএপির স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মুজিবুল হক এবং অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft