জিয়ার বহুপক্ষীয় কূটনীতিই সরকারের পথ : তথ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:১৬ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুপক্ষীয় ও নিরপেক্ষ কূটনীতির ধারাই বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পিআইবি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান দেশীয় ও আন্তর্জাতিক বাস্তবতা বিবেচনায় কোনো শত্রু তৈরি না করে সর্বত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন। তিনি সার্ক প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেন এবং দ্বিপক্ষীয় বিষয়গুলোকে বহুপাক্ষিক কাঠামোয় নিয়ে আসেন।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের আমদানির প্রধান উৎস চীন ও ভারত, তৈরি পোশাক রপ্তানির বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপ এবং রেমিট্যান্সের প্রধান উৎস মধ্যপ্রাচ্য। এ বাস্তবতায় দেশের স্বার্থ রক্ষায় ভারসাম্যপূর্ণ ও স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা প্রয়োজন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, জাতীয় স্বকীয়তা ও আত্মপরিচয়ের ভিত্তিতেই একটি শক্তিশালী পররাষ্ট্রনীতি গড়ে উঠতে পারে। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে সেই আত্মবিশ্বাস ও স্বকীয়তার চেতনা উপহার দিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অর্থনীতিবিদ ড. মুশতাক খান। এছাড়া আলোচনায় অংশ নেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ, ব্রেইনের নির্বাহী পরিচালক ড. সফিকুর রহমানসহ বিশিষ্টজনেরা।

বক্তারা জিয়াউর রহমানের কূটনৈতিক নেতৃত্ব, আঞ্চলিক সহযোগিতা প্রতিষ্ঠায় ভূমিকা এবং বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft