নতুন সাফল্যে ফের আলোচনায় ঐশ্বরিয়া রাই
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:৫৫ পিএম

বয়স পঞ্চাশ পেরোলেও আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় একটুও ভাটা পড়েনি বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের। সম্প্রতি বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল ব্র্যান্ড জে ডব্লিউ ম্যারিয়টের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।

কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত উপস্থিতি ও নজরকাড়া ফ্যাশনের মাধ্যমে বরাবরের মতোই বিশ্বমঞ্চে নিজের অবস্থান শক্তভাবে জানান দিয়েছেন ঐশ্বরিয়া। এ বছরও তার উপস্থিতি ভক্ত ও ফ্যাশনপ্রেমীদের ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরেই অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বচ্চন পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে এসব আলোচনা থেকে দূরে থেকে নিজের পেশাগত সাফল্য দিয়েই বারবার শিরোনাম হচ্ছেন অভিনেত্রী।

জে ডব্লিউ ম্যারিয়টের সঙ্গে নতুন চুক্তির পর আবারও সামনে এসেছে ঐশ্বরিয়া ও অভিষেকের ব্যক্তিগত সম্পদের তুলনামূলক হিসাব। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঐশ্বরিয়া রাই বচ্চনের আনুমানিক সম্পদের পরিমাণ ৮০০ থেকে ৮৫০ কোটি টাকার মধ্যে। অন্যদিকে অভিষেক বচ্চনের একক সম্পদের পরিমাণ প্রায় ২৮০ কোটি টাকার কাছাকাছি।

অভিষেকের আয়ের প্রধান উৎস অভিনয়, ওটিটি প্রজেক্ট এবং তার মালিকানাধীন ক্রীড়া ফ্র্যাঞ্চাইজি। তিনি 'জয়পুর পিঙ্ক প্যান্থার্স' এবং 'চেন্নাইয়িন এফসি' এর সঙ্গে যুক্ত রয়েছেন।

অন্যদিকে ঐশ্বরিয়ার আয়ের বড় অংশ আসে আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থেকে। তিনি বহু বছর ধরে বিশ্বখ্যাত প্রসাধনী ও বিলাসপণ্যের ব্র্যান্ডের মুখ হিসেবে কাজ করে আসছেন। নতুন এই আন্তর্জাতিক চুক্তি তার বৈশ্বিক ব্র্যান্ডমূল্যকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন বিনোদন বিশ্লেষকরা।

১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পর থেকে হিন্দি ও তামিল চলচ্চিত্রে সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তিন দশকেরও বেশি সময় পর আজও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে তার চাহিদা অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত জীবন নিয়ে যতই আলোচনা থাকুক না কেন, গ্ল্যামার ও ব্র্যান্ড দুনিয়ায় ঐশ্বরিয়া রাই এখনও অন্যতম প্রভাবশালী ও সফল ভারতীয় তারকা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft