প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:২৯ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে আগামী ১৯ জুলাইয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই চুক্তি সম্পন্ন করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী জানান, টার্মিনালটির জন্য জাপানি কনসোর্টিয়াম দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডেলারও নিয়োগ করবে। ব্যবস্থাপনা ও রাজস্ব ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে মতপার্থক্যের কারণে প্রায় দেড় বছর ধরে টার্মিনালটি চালু করা সম্ভব হয়নি।
জাপানি কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন। টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বিষয়গুলো চূড়ান্ত করতে সিএএবি ও কনসোর্টিয়ামের মধ্যে দুই দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাপানি পক্ষের দেওয়া সংশোধিত প্রস্তাবের ওপর আলোচনা হয়েছে। এতে আরোহণ ফি, অগ্রিম অর্থ প্রদান এবং রাজস্ব ভাগাভাগি ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।
এর আগে গত ৩ এপ্রিল বাংলাদেশ ও জাপানের মধ্যে এ বিষয়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হলেও তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জাপানি পক্ষের সঙ্গে আলোচনা পুনরায় শুরু হয়।
৫ লাখ ৪২ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনাল বছরে অতিরিক্ত ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ যাত্রী এবং প্রায় ৫ লাখ টন কার্গো পরিবহনের সক্ষমতা নিয়ে নির্মিত হয়েছে। এটি চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
জ/উ