সেবায় মানবিকতা ও স্বচ্ছতার প্রতিশ্রুতি ঢাকার ডিসির
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:২৫ পিএম

সেবা নিতে এসে কোনো নাগরিক যেন ভোগান্তি বা অনিশ্চয়তার মুখে না পড়েন, সেই লক্ষ্য নিয়েই কাজ করছেন ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি বলেছেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক প্রশাসন নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরিদা খানম এসব কথা বলেন।

১৭৭২ সালে ঢাকা জেলা প্রশাসন প্রতিষ্ঠার পর ২৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন তিনি। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করেছেন।

ফরিদা খানম বলেন, ঢাকা জেলার প্রশাসনিক দায়িত্ব দেশের অন্যতম বৃহৎ ও জটিল দায়িত্ব। বিপুল জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করা, নগরায়ণের চাপ, ভূমি-সংক্রান্ত জটিলতা এবং বহুমাত্রিক নাগরিক সমস্যার মধ্যে কার্যকর প্রশাসন পরিচালনা একটি বড় চ্যালেঞ্জ।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসনের বিভিন্ন শাখায় নতুন কর্মপদ্ধতি চালু, রিপোর্টিং ও মনিটরিং ব্যবস্থা শক্তিশালীকরণ এবং সেবার মান উন্নয়নে কাজ শুরু হয়েছে।

নারীর নেতৃত্ব প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, তার এই দায়িত্ব ভবিষ্যতে আরও অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। বর্তমানে প্রশাসন, বিচার, কূটনীতি ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা নিজেদের সক্ষমতা প্রমাণ করছেন।

ভূমিসেবা খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে ফরিদা খানম জানান, ই-নামজারি দ্রুত নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ, অভিযোগের দ্রুত সমাধান এবং ভূমি অপরাধ প্রতিকার আইনের কার্যকর প্রয়োগে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারি খাসজমি রক্ষা ও উদ্ধার কার্যক্রমও জোরদার করা হয়েছে। সরকারি জমির পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ তৈরির কাজ চলছে, যা ভবিষ্যতে অবৈধ দখল প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশাসনিক সেবা ডিজিটালাইজেশনের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, জেলা প্রশাসনের ৩০টির বেশি সেবা ইতোমধ্যে অনলাইনে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরও সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করা হবে, যাতে নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে অফিসে আসতে না হয়।

ফরিদা খানম বলেন, মানুষের সময় ও সম্মান দুটিই মূল্যবান। তাই এমন সেবা নিশ্চিত করতে হবে, যাতে নাগরিকরা অনুভব করেন রাষ্ট্র তাদের পাশে রয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি, সমন্বিত প্রশাসন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ঢাকা জেলা দেশের উন্নয়ন ও সেবার ক্ষেত্রে একটি মডেল জেলায় পরিণত হতে পারে।

ঢাকা জেলার সফলতাকেই বাংলাদেশের সফলতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেই লক্ষ্য নিয়েই জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft