আদ্-দ্বীনের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু : স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:১১ পিএম

আদ্-দ্বীন হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে হাসপাতালের দায়িত্বে গাফিলতির বিষয়টি স্পষ্ট হয়েছে এবং এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন গ্রহণের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বন্ধ কক্ষে পর্যাপ্ত অক্সিজেনের ঘাটতির কারণেই নবজাতকদের মৃত্যু হতে পারে। বিষয়টি আরও বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে।

এর আগে বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনাটি তদন্তে গঠিত মন্ত্রণালয়ের কমিটি তাদের প্রতিবেদন মন্ত্রীর কাছে জমা দিয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত পৃথক তদন্ত কমিটিও বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

গত ২৭ মে ভোরে রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে কারণ অনুসন্ধানে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আরও একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও অভ্যন্তরীণ কোনো ত্রুটি বা অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখতে নিজস্ব তদন্ত কমিটি গঠন করে।

হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে। বাকি তদন্ত প্রতিবেদনগুলো পর্যালোচনার পর পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft