জুনজুড়ে তাপমাত্রা বেশি থাকার আশঙ্কা
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:৪৭ এএম

জুন মাসজুড়ে দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত এবং কয়েক দফা তাপপ্রবাহেরও আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানকারী বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও পরিচালক (চলতি দায়িত্ব) মো. মমিনুল ইসলাম জানান, জুনের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সারা দেশে বিস্তার লাভ করতে পারে। তবে বর্ষা শুরু হলেও মাসজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুন মাসে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।

বৃষ্টিপাতের ক্ষেত্রে চট্টগ্রাম ও সিলেট বিভাগে সর্বোচ্চ ৬০০ থেকে ৬৩০ মিলিমিটার এবং রাজশাহী বিভাগে সর্বনিম্ন ২৭০ থেকে ২৯০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, দেশের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হলেও তা এখনই তাপপ্রবাহ কমানোর জন্য যথেষ্ট নয়। তিনি বলেন, ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় গরমের অনুভূতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু এখনো বাংলাদেশে প্রবেশ করেনি। এটি বর্তমানে মিয়ানমার উপকূলের কাছে অবস্থান করছে এবং বাংলাদেশে পৌঁছাতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে।

এদিকে মে মাসে দেশে গড়ে ২৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি। তবে বিভিন্ন অঞ্চলে কয়েক দফা মৃদু তাপপ্রবাহও বয়ে গেছে। মে মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস, যা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের প্রধান নদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। তবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে কিছু নদ-নদীর পানি সাময়িকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft