রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক আজ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১০:৩৯ এএম

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এ শুনানি শেষে আদালত যে কোনো দিন রায়ের তারিখ ঘোষণা করতে পারেন।

বুধবার মামলার আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক মাসরুর সালেকীন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, শুনানির সময় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়। বিচারক মামলার সাক্ষ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ ও বিভিন্ন আলামতের বিষয় আসামিদের সামনে উপস্থাপন করেন। এতে রামিসাকে খোঁজার ঘটনা, সন্দেহভাজন ফ্ল্যাট শনাক্ত, রক্তের আলামত উদ্ধার এবং শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়গুলো উঠে আসে। পাশাপাশি সোহেল রানাকে পালাতে সহায়তার অভিযোগে স্বপ্না আক্তারের ভূমিকার বিষয়টিও আদালতে উল্লেখ করা হয়।

শুনানিকালে সোহেল রানা আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, তিনি শাস্তি মেনে নিতে প্রস্তুত। তবে তার স্ত্রী নির্দোষ বলে দাবি করেন। অন্যদিকে স্বপ্না আক্তার নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেন। আদালত উভয় আসামির বক্তব্য রেকর্ড করার পর যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজকের দিন নির্ধারণ করেন।

এর আগে মামলার চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দেন। ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লাসহ পরিবারের সদস্য, প্রতিবেশী, পুলিশ সদস্য, চিকিৎসক এবং তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালতে জবানবন্দি প্রদান করেন। মামলাটির যুক্তিতর্ক শুনানি শেষে বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হবে এবং পরবর্তী সময়ে রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft