![]() |

ঈদুল আজহাকে ঘিরে রাজধানীর পশুর হাটগুলোতে এখন ব্যাপক প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে ঢাকার কুরবানির বাজার। বিশেষ করে দেশি মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। দরদাম করে সাধ্যের মধ্যে পশু কিনতে পারায় সন্তুষ্ট ক্রেতারা, অন্যদিকে বিক্রেতারাও আশাবাদী ভালো বেচাকেনা নিয়ে।
রাজধানীর দুই সিটি করপোরেশনের আওতায় এবার মোট ২৭টি পশুর হাট বসেছে। এর মধ্যে দক্ষিণ সিটিতে ১১টি এবং উত্তর সিটিতে ১৬টি হাট পরিচালিত হচ্ছে। রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীকে ঘিরেই সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া পোস্তগোলা, আমুলিয়া, আফতাবনগর, বনশ্রী, কালশী, উত্তরা দিয়াবাড়ি, বাড্ডা ও মহাখালীসহ বিভিন্ন এলাকায় অস্থায়ী পশুর হাট বসেছে।
গতকাল সোমবার বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, দেশের নানা জেলা থেকে ট্রাকভর্তি গরু, ছাগল ও মহিষ আসছে ঢাকায়। কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ ও কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলের খামারিরা ভালো দামের আশায় পশু নিয়ে এসেছেন রাজধানীর বাজারে।
ক্রেতাদের বড় অংশই মাঝারি আকারের দেশি গরুর দিকে ঝুঁকছেন। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো তুলনামূলক কম দামে ভালো পশু খুঁজছেন। অনেকেই পরিবার নিয়ে হাটে এসে পশু দেখছেন, দরদাম করছেন এবং পছন্দমতো গরু কিনে নিচ্ছেন। তবে বড় আকারের গরুর দাম এখনো অনেকের নাগালের বাইরে বলে জানিয়েছেন ক্রেতারা।
বিক্রেতাদের দাবি, পশুখাদ্য ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় গরুর দাম কিছুটা বেশি। তবে বাজারে পশুর সরবরাহ বেশি থাকায় বিভিন্ন দামের গরু পাওয়া যাচ্ছে। ঈদের আগের শেষ দুই দিনে বিক্রি আরও বাড়বে বলেও আশা করছেন ব্যবসায়ীরা।
আমুলিয়া ও সারুলিয়া হাটে গিয়ে দেখা যায়, প্রতিদিনই নতুন নতুন গরু আসছে। আমুলিয়া হাটে ইতোমধ্যে ১০ হাজারের বেশি গরু উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সারুলিয়া হাটের পরিচালক জানান, সেখানে বর্তমানে কয়েক হাজার গরু রয়েছে এবং ক্রেতাদের উপস্থিতিও দিন দিন বাড়ছে।
হাটে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পাশাপাশি জাল টাকা শনাক্তে বিভিন্ন ব্যাংক বুথ স্থাপন করেছে এবং টাকা গণনার ব্যবস্থাও রাখা হয়েছে।
এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এবার কুরবানির পশুর কোনো সংকট নেই। সরকারি তথ্যমতে, এ বছর দেশে কুরবানিযোগ্য পশুর সংখ্যা চাহিদার তুলনায় প্রায় ২২ লাখ বেশি রয়েছে।
জ/দি
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন ও বিক্ষোভ
রোববার খুলছে স্কুল-কলেজ, ক্লাসে ফিরছে শিক্ষার্থীরা
নেত্রকোণায় রেলওয়ে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নির্যাতন ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
গোমানি নদীতে ভেসে উঠল সিংড়ার বৃদ্ধের মরদেহ
অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’: শিক্ষা মন্ত্রণালয়