প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:০৫ এএম আপডেট: ১০.০৬.২০২৬ ১০:১১ পিএম

মুক্তির অপেক্ষায় থাকা ‘অভিমান’ সিনেমার প্রচারণায় অংশ নিয়ে ব্যক্তিগত সম্পর্ক, মান-অভিমান এবং দীর্ঘ ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘অভিমান’ শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে যিশু বলেন, অভিমান সাধারণত সেই মানুষের প্রতিই হয়, যার সঙ্গে গভীর ভালোবাসা ও আন্তরিক সম্পর্ক থাকে। অন্যদিকে শুভশ্রী বলেন, অভিমান আসলে ভালোবাসা ও বিশ্বাসেরই একটি প্রকাশ।
বন্ধুত্ব নাকি প্রেম- কোন সম্পর্কে অভিমান বেশি হয়, এমন প্রশ্নে দুজনেই বন্ধুত্বের সম্পর্কের কথাই উল্লেখ করেন। তাদের মতে, প্রকৃত বন্ধুত্বে মান-অভিমান সম্পর্কের গভীরতাকে আরও স্পষ্ট করে।
সাক্ষাৎকারের এক পর্যায়ে যিশু ও শুভশ্রীর জুটিকে নিয়ে প্রশ্ন উঠলে যিশু মজার ছলে বলেন, ‘আমি আর শুভশ্রী মেড ফর ইচ আদার, তবে সবাই জানে আমি মজা করছি।’ তার এই মন্তব্যে হাসির রোল পড়ে।
শুভশ্রী বলেন, শিল্পীরা সাধারণত খুব আবেগপ্রবণ হন। তাই অভিমান জমিয়ে না রেখে প্রকাশ করে দেওয়াই ভালো।
কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে যিশু বলেন, শুভশ্রী যে এত ভালো অভিনয় করেন, তা তিনি আগে এতটা উপলব্ধি করেননি। অন্যদিকে শুভশ্রীও যিশুর পেশাদারিত্ব ও কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করেন।
দীর্ঘ ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে যিশু জানান, জীবনে যা পেয়েছেন, তাতে তিনি সন্তুষ্ট। অন্যদিকে শুভশ্রী বলেন, অভিনয়জীবন ও ব্যক্তিগত জীবনে পাওয়া ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ।
উল্লেখ্য, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে যিশু সেনগুপ্ত ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত নতুন সিনেমা ‘অভিমান’। সিনেমাটিতে প্রথমবারের মতো বড় পরিসরে এই দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখা যাবে।
জ/দি