প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:২০ এএম

নতুন সিনেমা ‘বেবি ডু ডাই ডু’-তে এক ভিন্নধর্মী চরিত্রে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। ছবিতে তিনি অভিনয় করেছেন একজন নারী ভাড়াটে খুনি বা ‘হিটওম্যান’-এর ভূমিকায়, যা ইতোমধ্যে দর্শকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত ছবিটির টিজারে রহস্যময় ও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যায় হুমাকে। মুম্বাই শহরের প্রেক্ষাপটে নির্মিত গল্পে তিনি ‘বেবি কর্মরকর’ নামে এক নীরব কিন্তু ভয়ংকর চরিত্রে অভিনয় করেছেন। লাল রঙের একটি ছাতা হাতে শহরজুড়ে ঘুরে বেড়ানো এই নারীর ছাতার ভেতরেই লুকিয়ে থাকে প্রাণঘাতী অস্ত্র।
টিজারে বেবির অতীত জীবনের কিছু ঝলকও দেখা যায়, যা তার বর্তমান জীবনের রহস্য ও সহিংসতার পেছনের গল্পের ইঙ্গিত দেয়।
ছবিতে হুমা কুরেশির পাশাপাশি অভিনয় করেছেন সিকান্দার খের, চাঙ্কি পাণ্ডে, সীমা পাহওয়া, রচিত সিং ও মারুধর শেখাওয়াত। ছবিটি প্রযোজনা করেছেন অভিনেত্রী হুমার ভাই ও অভিনেতা সাকিব সেলিম।
সাকিব সেলিম বলেন, ‘বেবি কর্মরকরের রহস্যময় জগত দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে। গল্পের প্রতিটি চরিত্রই কাহিনিকে নতুন মাত্রা দিয়েছে।’
নচিকেত সামন্ত পরিচালিত ‘বেবি ডু ডাই ডু’ আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
জ/দি