প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:৪২ এএম আপডেট: ১০.০৬.২০২৬ ৪:৪৭ এএম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কার কারণে মূল্যবান ধাতুটির দাম চাপে পড়েছে।
গতকাল মঙ্গলবার (৯ জুন) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৯৮ দশমিক ৭৫ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচার্সের দামও কমে আউন্সপ্রতি ৪ হাজার ৩২৩ দশমিক ৯০ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি মার্কিন ফেডারেল রিজার্ভ চলতি বছরে সুদের হার বাড়াতে পারে— এমন প্রত্যাশাও স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের আকর্ষণ কমিয়ে দেয়। ফলে বিনিয়োগকারীদের একটি অংশ বিকল্প খাতে ঝুঁকছেন।
এদিকে, স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে।
বাজার পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও ভবিষ্যৎ মুদ্রানীতি সংক্রান্ত তথ্য প্রকাশের পর স্বর্ণবাজারের পরবর্তী গতিপ্রকৃতি আরও স্পষ্ট হবে।
জ/দি