প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৩১ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে দুঃসময় যেন কাটছেই না চেলসির। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আবারও হোঁচট খেয়ে ১-০ ব্যবধানে হার মানতে হয়েছে তাদের। ফলে টানা চতুর্থ পরাজয়ে হতাশার ঘেরাটোপ আরও ঘন হয়েছে লন্ডনের ক্লাবটির জন্য। অন্যদিকে এই জয়ে শীর্ষ পাঁচে থাকার দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
শনিবারের ম্যাচে শুরুটা ছিল জমজমাট। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। দুর্দান্ত এক পাসে আক্রমণ সাজান ব্রুনো ফার্নান্দেস, আর সেই সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করেন ম্যাথিউস কুনহা। চলতি মৌসুমে এটি ফার্নান্দেসের ১৮তম অ্যাসিস্ট।
ম্যাচের শুরুতে চেলসি বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ধার ছিল না। প্রথমার্ধে এনজো ফার্নান্দেজ ভালো একটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি। ঠিক তার পরেই খেলার গতিপথ পাল্টে দিয়ে এগিয়ে যায় ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে চেলসি মরিয়া হয়ে আক্রমণ করে। একের পর এক প্রচেষ্টা চালালেও ভাগ্য সহায় হয়নি তাদের। মোট ১৫টি শট নিলেও লক্ষ্যভেদ করতে পেরেছে মাত্র একবার। লিয়াম ডেলাপ ও ওয়েসলি ফোফানার শট পোস্টে লেগে ফিরে আসে। শেষদিকে মইসেস কাইসেদোও গোলের খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হন।
অন্যদিকে রক্ষণভাগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও দারুণ দৃঢ়তা দেখিয়েছে ইউনাইটেড। লুক শ ও ডিয়োগো দালোতের মতো খেলোয়াড়রা প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলকে জয় এনে দেন।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে থাকা চেলসির চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেছে ইউনাইটেড। পরিসংখ্যান বলছে, তাদের শীর্ষ চারে থেকে ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতায় খেলার সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত। বিপরীতে চেলসির শীর্ষ পাঁচে শেষ করার সম্ভাবনা নেমে এসেছে অনেকটাই নিচে।
জ/উ