প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৫৮ পিএম

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে নতুন কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।
মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জি-৭ সম্মেলনে মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন। তিনি আরও বলেন, বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি ছবিটি তুলতে রাজি হন। এই মন্তব্যকে ‘আপত্তিকর’ বলে আখ্যা দেন তাজানি।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রতিক্রিয়ায় ট্রাম্পের বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট বলে প্রত্যাখ্যান করেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির আগামী সপ্তাহে মায়ামিতে যুক্তরাষ্ট্র-ইতালি ব্যবসা, বিনিয়োগ, বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ক ফোরামে অংশ নেওয়ার কথা ছিল। তবে পরিস্থিতির কারণে তিনি সফরটি বাতিল করেছেন।
এদিকে স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে জানানো হয়, সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজসম্পদ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
ট্রাম্প ও মেলোনির মধ্যে এটাই প্রথম মতবিরোধ নয়। এর আগে ইরান ইস্যু ও বৈশ্বিক নীতি প্রশ্নে তাদের মধ্যে প্রকাশ্য মতপার্থক্য দেখা যায়। তবে ব্যক্তিগত সম্পর্ক ও রাজনৈতিক অবস্থানের কারণে অতীতে মেলোনিকে ইউরোপের মধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হতো।
জ/উ