দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে হজে যাচ্ছেন ৫৭৫৬ যাত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৪৬ এএম

চলতি মৌসুমের হজযাত্রার দ্বিতীয় দিন আজ। রবিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী সৌদি আরবের উদ্দেশ্যে ৫ হাজার ৭৫৬ জন হজ যাত্রী নিয়ে ১৪টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এরইমধ্যে রাত থেকে সকাল পর্যন্ত ৪টি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে গেছে। দিনের অন্যান্য সময়ে যারা যাত্রা করবেন তারা হজ ক্যাম্পে তাদের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছেন। এ বছর নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে শতভাগেরই ভিসা সম্পন্ন হয়েছে।  

এদিকে, পবিত্র হজ ২০২৬-এর আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে ১৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়েছে। হজের প্রথম দিনে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় মোট ৪ হাজার ৪৫৭ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন।

রবিবার হজ পোর্টালের তথ্যমতে, সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন যাত্রী ইতিমধ্যে সেখানে অবস্থান করছেন।

১৮ এপ্রিল ভোর ৪টা ৫৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ যোগে ৪১৬ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

আরও পড়ুন : এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নির্দেশনা ডিএমপির

বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দাস্থ কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন।

এছাড়া মক্কা হজ অফিসের কাউন্সিলর কামরুল ইসলাম ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একই দিনে সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮৩০ জন হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।

প্রথম দিনে মোট ১১টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি ফ্লাইটে ২ হাজার ৪৭৭ জন, সৌদি এয়ারলাইন্স ৪টি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১টি ফ্লাইটে ৪২৩ জন হজযাত্রী পরিবহন করেছে।

আরও পড়ুন : গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

সৌদি আরবে আগত হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং প্রথম দিনে ২৭৫টি সার্ভিস প্রদান করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হজযাত্রীর চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণের প্রয়োজন পড়েনি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রীর কোটা রয়েছে।

১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার এই যাত্রা আগামী ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ বছর মোট ৩০টি অনুমোদিত লিড হজ এজেন্সি বেসরকারি ব্যবস্থাপনায় কার্যক্রম পরিচালনা করছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft