প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৫৭ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার কালাপুর পাহাড়ি এলাকা থেকে ঘাতক ছেলে মুশফিককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মুশফিক মিয়ার পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মুশফিক তার হাতে থাকা ছুরি দিয়ে আকল মিয়াকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এসময় বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদুর মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত মুশফিক পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে তাকে কালাপুর পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জ/দি