প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০:২৯ পিএম আপডেট: ১৩.০৪.২০২৬ ১১:৪৫ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নে উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে ঐক্যের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, “দল নয়, মানুষের প্রয়োজন ও যোগ্যতার ভিত্তিতেই উন্নয়ন কাজ পরিচালিত হবে।”
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে জামনগর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পুতুল বলেন, নির্বাচনে, কে ভোট দিয়েছেন বা দেননি—এ বিভাজন ভুলে তিনি পুরো এলাকার মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান।
উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, জামনগরকে মাদকমুক্ত করতে প্রতিটি ওয়ার্ডে পাঁচ সদস্যের গোপন টিম গঠন করতে হবে, তার আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করবে।
তিনি জোর দিয়ে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান, সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি চাকরি, শিক্ষা ও নেতৃত্বের ক্ষেত্রে যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
জামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের বিষয়টি তুলে ধরা হলে দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। এছাড়া এলাকার অবকাঠামোগত সমস্যার তালিকা প্রস্তুত করে ইউএনওর কাছে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।
এসময় জামনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সেলিম রেজার সঞ্চালনায় এবং সাবেক সভাপতি ও চেয়ারম্যান মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেন ও জেলা বিএনপির সদস্য এবং সাবেক সদস্য সচিব মো. হাফিজুর রহমান।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল হান্নান সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সান্ধায়
সভা শেষে প্রতিমন্ত্রী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
জ/উ