প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৭:৩০ পিএম

অর্ধশতাধিক গাড়ি নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা (৩০) কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তক্রমে সোমবার এ অব্যাহতি প্রদান করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্ত অনুমোদনক্রমে দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে রোববার একটি জাতীয় দৈনিকে “৫০ গাড়ি নিয়ে ছাত্রদল নেতার মহড়া, অর্থের উৎস নিয়ে প্রশ্ন” শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না থাকলেও গুরুদাসপুরে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে মাসুদ রানা প্রায় ৫০টি মাইক্রোবাস নিয়ে একটি মহড়া আয়োজন করেন। রোববার গুরুদাসপুর সরকারি পাইলট মাঠ থেকে শুরু হওয়া এ শোডাউনে প্রায় ৪০০ নেতা-কর্মী অংশ নেন। মহড়াটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মাসুদ রানা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। নিজের অবস্থান জানান দিতেই এ আয়োজন বলে জানা যায়।
এদিকে এত বড় বহরের যানবাহন ব্যবহার ও ব্যয়ের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি মাইক্রোবাস সমিতির এক সদস্য জানান, প্রতিটি মাইক্রোবাসের ভাড়া কমপক্ষে ৫ হাজার টাকা হিসেবে মোট ভাড়া দাঁড়ায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া অংশগ্রহণকারী কর্মীদের আপ্যায়নের খরচও যুক্ত হয়েছে।
তবে ব্যয়ের উৎস সম্পর্কে জানতে চাইলে মাসুদ রানা গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি, যদিও তিনি ৫০টি যানবাহন অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করেন।
জ/দি