প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৪ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রাজনীতিতে সাহসী, সংগ্রামী ও ত্যাগী নারী নেতৃত্বের প্রতীক হিসেবে আলোচনায় রয়েছেন লায়ন আলিজা শারমিন মুন্নী। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির রাজপথে সক্রিয় এই নেত্রীকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দেখতে চান স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
জানা গেছে, লায়ন আলিজা শারমিন মুন্নীর গ্রামের বাড়ি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে। বর্তমানে ঢাকায় বসবাস করলেও নিজ নির্বাচনী এলাকার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিয়মিত সম্পৃক্ত রয়েছেন। তিনি মোঃ মানিক মিয়া ও মোসাঃ রোকেয়া বেগমের কন্যা।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য বিজ্ঞানে স্নাতক (বিএসসি), জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) এবং জনস্বাস্থ্য বিষয়ে মাস্টার্স (এমপিএইচ) সম্পন্ন করেন। বর্তমানে তিনি নয়াডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। এছাড়া স্ট্রিট চিলড্রেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করছেন।
রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রীয় মহিলা দলের পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিএনপি মঠবাড়িয়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য, জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সদস্য হিসেবে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তাঁর। জাতীয়তাবাদী মহিলা দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিক মামলার সম্মুখীন হন। ২০১৮ সালে রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার হয়ে কয়েক মাস কারাবরণ করেন। পরবর্তীতে আরও কয়েকটি মামলায় আসামি করা হয়। এসব প্রতিকূলতা সত্ত্বেও তিনি রাজনীতি থেকে একটু ও দূরে সরে যাননি।
রাজনীতির পাশাপাশি তিনি নারী ও যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছেন। কেয়ার গিভার প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছেন এবং ‘কিউর কেয়ার গিভার’ নামে একটি অ্যাপস তৈরির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, শিক্ষিত, সৎ, দক্ষ ও ত্যাগী এই নেত্রী দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছেন। তাঁকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হলে নারী নেতৃত্ব আরও শক্তিশালী হবে।
তারা আশা প্রকাশ করে বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী ও পরীক্ষিত এই নেত্রীর যথাযথ মূল্যায়ন করবেন।