ফুটসাল সাফল্যের গল্প শোনালেন তাবিথ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের খেলোয়াড়রা আনন্দ উৎসবে কাটাচ্ছেন। গত তিনটা দিন ধরে অধিনায়ক সাবিনা খাতুন, সুমাইয়া, মেহেনুর, লিপি, কৃষ্ণা, মাসুরা পারভীনরা উৎসবমুখর দিন কাটিয়েছেন। রুমে ব্যাগ রেখে সবাই সারা দিন ধরে ঘুরে বেড়িয়েছেন। ব্যাংককের কোথায় কোথায় ঘোরার জায়গা রয়েছে সেখানে চষে বেড়িয়েছেন ফুটসাল চ্যাম্পিয়ন খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন হওয়ার পরই ঢাকা থেকে ফোন গেছে। সভাপতি তাবিথ আউয়াল সবাইকে মুক্ত আকাশে ঘুরতে যাওয়ার দুয়ার খুলে দিয়েছেন। 

টুর্নামেন্ট চলাকালে যে শৃঙ্খলায় থাকতে হয়েছে সেই শৃঙ্খলায় আটকে থাকেননি সাবিনারা। খেলা শেষে হোটেল থেকে রিসোর্টে উঠেছেন। ঘুরতে গিয়েছিলেন সাগরে। লাইফ জ্যাকেট গায়ে স্পিড বোটে ঘুরতে যাওয়ার আনন্দ উপভোগ করেছেন। ব্যাংকক শহরের বাইরে গিয়ে পাহাড়-সাগর ঘুরে বেড়ানো, সেলফি তোলা, থাই ফুডের ভিন্ন স্বাদ গ্রহণ করার আনন্দে মেতে ছিলেন। সাবিনা ফুটসাল সাফের ট্রফি নিয়ে সাগরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছেন। সব খেলোয়াড় নিয়ে ঘুরে বেড়ানোর আনন্দ মিছিলে নেতত্ব দিয়েছেন সাবিনা খাতুন। যেমন খুশি তেমন সাজো পোশাকে বেরিয়েছেন, শপিং করেছেন। পরিবারের সদস্যদের জন্য ব্যাগ ভরে গিফট কিনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দেখে মুগ্ধ বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।

আরও পড়ুন : খেলতে না চাইলে পাকিস্তানকে কেউই অনুরোধ করবে না

সাফ ফুটসাল প্রথমবার আয়োজন করল দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ)। প্রথমবারই বাংলাদেশের নারী ফুটসাল দল চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস লিখতধ। আজ বিকাল ৪টায় ফুটসাল দল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ঢাকায় নামবে। রোববার শেষ খেলায় পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সোম, মঙ্গল, বুধবার-গত ৩ দিন ধরে সাবিনারা অন্যরকম একটা দিন কাটিয়েছেন, যেটা সাফ জয়ের পরও করতে পারেননি। 

সাফ জিতে পরদিনই ঢাকায় ফিরতে হয়েছে। নারী সাফ ফুটসাল দলের গল্পটা ভিন্ন রকম। বাংলাদেশ নারী দলের ফুটসালে যাওয়ারই কথা ছিল না। নারী দলকে পাঠানোরও কোনো পরিকল্পনা ছিল না বাফুফের। সিদ্ধান্ত ছিল পুরুষ দল সাফ ফুটসাল খেলতে থাইল্যান্ড যাবে। খেলোয়াড়দের নামও পাঠানো হয়ে গেছে। হঠাৎ করে চিন্ত-ভাবনা হলো নারী ফুটসাল দলকে পাঠালে কেমন হয়। সেখান থেকেই শুরু। ইরানি কোচ সাঈদ খোদাবাইমিকে ডাকলেন তাবিথ আউয়াল। কোচ রাজি, নারী দলকে নিয়ে যাবেন, পুরুষ দলের পাশাপাশি তিনি নারী দলের কোচ হয়ে কাজ করবেন। কিন্তু একটা শর্ত দিলেন তাবিথকে। দুজন ইরানি নারী কোচ  আনতে হবে। তাতে রাজি হলেন বাফুফের সভাপতি। কিন্তু ভিসা জটিলতায় আসা হচ্ছিল না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ইরানি নারী কোচের ঢাকায় আসার ব্যবস্থা করলেন।

আরও পড়ুন : মাঠে খেলা গড়ানোর আগে হামলার শিকার চেলসি সমর্থকরা

অন্যদিকে নারী ফুটসাল খেলতে ট্রায়াল ডাকা হলো। কয়েক দফায় ট্রায়াল হলোও আবাসন সংকটের কারণে খেলোয়াড়দেরকে বাফুফে ভবনে তুলতে হয়। সেখানেও থাকতে পারেননি ফুটসালের খেলোয়াড়রা, বয়সভিত্তিক নারী দলের খেলোয়াড়রা ক্যাম্পে উঠবেন। তাই বাফুফের ভবনের ক্যাম্প ছাড়তে হবে। নারী ফুটসালের খেলোয়াড়রা কোথায় যাবেন-এমন প্রশ্নে বাধ্য হয়ে মিরপুর ক্রীড়া পল্লিতে ক্যাম্প করা হয়। সেখানেও খেলোয়াড়দের পছন্দ হচ্ছিল না। আবাসন ব্যবস্থা এবং খাওয়া-দাওয়া ভালো লাগেনি বলে পুনরায় ক্যাম্প সরিয়ে নিতে হয় মেয়েদের অনুরোধে। এবার ভালো একটি হোটেলে তুলে দেওয়া হয়। খেলোয়াড়রা তাবিথকে জানালেন, ওকে।'

তারপরই তাবিথ আউয়ালের কানে খবর এলো-ফুটসালের কিছু কিছু ফুটবলার নারী লিগে খেলতে চান। 'আমি নিজে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানতে চেয়েছি, তোমরা কারা কারা লিগ খেলতে চাও, কারা ফুটসাল খেলতে চাও? সবাই বলেছে ফুটসাল খেলবে। এরপর কারো কথায় কান না দিয়ে আমি আমার কাজ করে গেলাম।' 

আরও পড়ুন : থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথে এক ধাপ এগিয়ে বাংলাদেশ

তাবিথ বললেন, '১৪ জনের দল গঠন শেষ, সবার শেষে মাসুরা পারভীন এসে জানায়, সে ফুটসাল খেলতে চায়। তখন একজনকে বাদ দিয়ে তাকে দলের নেওয়া হয়। আমি ফুটসাল দল পাঠানোর ব্যাপারে কারো সঙ্গে কথা বলিনি। দল পাঠানোর সিদ্ধান্ত নিয়ে মনে করলাম যা হয় হোক। মেয়েরা খেলে আসুক।' কী কারণে মনে হলো ফুটসালে নারী দল পাঠানো যায়? তাবিথ বলেন, 'আমি কোনো কারণ জানি না। মনে হয়েছে পাঠিয়েছি।'

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft