ঢাবিতে আওয়ামীপন্থী ‘নীল দল’ নিয়ে তদন্ত কমিটি
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:১৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ নিষিদ্ধের দাবির পর অভিযোগ তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সভাপতি করা হয়েছে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামকে।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ বুধবার (২৯ জুলাই) সিন্ডিকেটের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

সিন্ডিকেট সদস্যরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে কোনো শিক্ষক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : কারিগরি বোর্ডে প্রশ্ন প্রণয়ন ও মডারেশনে শিক্ষকদের আবেদন আহ্বান

জানা গেছে, গত ২৭ জুলাই ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে শতাধিক শিক্ষক উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দেন। এতে জুলাই আন্দোলনের বিরোধিতা এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে আওয়ামী ও বামপন্থি ২৩১ জন শিক্ষকের তালিকা হস্তান্তর করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নীল দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে বিএনপি ও জামায়াতপন্থি শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এর পরিপ্রেক্ষিতে বিগত সরকারের সময় বিতর্কিত ও ছাত্রবিরোধী ভূমিকা পালনের অভিযোগ তদন্তে উপাচার্যের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন : স্কুল ফিডিংয়ের খাবারে অনিয়ম বরদাশত নয় : ববি হাজ্জাজ

সিন্ডিকেট সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই-বাছাই করবে তদন্ত কমিটি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে কোনো সংগঠনের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে উপাচার্যের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষক এবং জড়িত কোনো সংগঠনের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft