সোনাগাজীতে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত পরিবেশমন্ত্রী
ফেনী, প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৩৬ পিএম

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সোনাগাজী উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন, নদীভাঙন এলাকা পরিদর্শন, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা শোনাসহ নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি। রবিবার (২৬ জুলাই) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এর মধ্যে মতিগঞ্জ জিসি-সোনাপুর (ভায়া সুয়াখালী) সড়কটি ৪ কোটি ১৪ লাখ ১ হাজার ৫৪৮ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। একই দিনে কুঠিরহাট জিসি-তাকিয়া বাজার সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় ৪ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ৭৩৩ টাকা ব্যয়ে নির্মিত সড়কেরও উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা একটি অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার পাশাপাশি শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের লক্ষ্য হলো মানুষের জীবনমান উন্নয়নে টেকসই অবকাঠামো নির্মাণের মাধ্যমে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করা।

দিনব্যাপী কর্মসূচিতে মন্ত্রী নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর আগে তিনি সোনাগাজী বখতার মুন্সি ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পরে মোমারিজপুর কাজীবাড়ি সংলগ্ন নদীভাঙন এলাকা পরিদর্শন করেন পরিবেশমন্ত্রী। স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি নদীভাঙনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা স্থানীয় সাংবাদিকসহ বিপুলসংখ্যক এলাকাবাসী মন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft