প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৪২ পিএম

নেত্রকোণার সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। রোববার ভোরে নিজ বসতঘর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহফুল মিয়া (৩৫), ওরফে মাসুল। তিনি উপজেলার দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
নেত্রকোণা মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত আনুমানিক ১২টার দিকে মাহফুল মিয়া রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। রোববার ভোর প্রায় ৫টার দিকে তাঁর মা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে তিনি মাহফুলকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি জানতে পারেন এবং পুলিশকে খবর দেন।
পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। এ ঘটনায় প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে নিহতের বিরোধ ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ এবং হত্যার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।