প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৫০ পিএম

অর্থনৈতিক কূটনীতিকে আরও জোরদার করে বিভিন্ন সম্ভাবনাময় খাতে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৬ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, ব্লু ইকোনমি খাতে ইউরোপের বিভিন্ন দেশের আগ্রহ রয়েছে এবং এ বিষয়ে আলোচনা অব্যাহত আছে। পাশাপাশি জ্বালানি, তৈরি পোশাক, ব্লু ইকোনমিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বিনিয়োগ একটি চলমান প্রক্রিয়া। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে। সরকারের লক্ষ্য হলো দীর্ঘমেয়াদি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে আন্তর্জাতিক বিনিয়োগ আরও বাড়ানো।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে অর্থনৈতিক কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
জ/উ