প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের নিষ্পত্তিতে সর্বোচ্চ দুই মাসের সময়সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, চাকরিবিধি অনুসারে দায়ের হওয়া অভিযোগ নির্ধারিত সময়ের মধ্যেই নিষ্পত্তি করতে হবে।
আজ রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, ২০০৫ সালে জারি করা সংশ্লিষ্ট নির্দেশনা সংশোধন করে বর্তমান আইন ও বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।
সার্কুলার অনুযায়ী, বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে সঙ্গতি রেখে শৃঙ্খলাজনিত অভিযোগ নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা দুই মাস নির্ধারণ করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ তদন্ত ও অভিযোগ দীর্ঘদিন অনিষ্পন্ন থাকার সুযোগ কমবে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত হবে।
বাংলাদেশ ব্যাংকের আশা, এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং খাতে শৃঙ্খলা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব আরও শক্তিশালী হবে।
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। তবে নতুন সময়সীমা নির্ধারণ ছাড়া ২০০৫ সালের মূল সার্কুলারের অন্যান্য বিধান অপরিবর্তিত থাকবে।
জ/উ